আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আরো ১৬ জন।

খুলনা-১ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বটিয়াঘাটা ও দাকোপের দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুলনা-২ আসনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সোনাডাঙ্গা থানা নির্বাচন কর্মকর্তা এবং সদর থানা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। খুলনা-৩ আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং দৌলতপুর ও দিঘলিয়া থানা নির্বাচন কর্মকর্তাসহ তিনজনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। খুলনা-৪ আসনের জন্য রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলনা-৫ আসনে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জাহানাবাদ ক্যান্টনমেন্টের নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।

খুলনা-৬ আসনে কয়রা ও পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। নির্বাচনের বিভিন্ন কার্যক্রমও শুরু করেছেন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন জানান, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী খুলনার ছয়টি আসনে পৃথক ছয়টি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের তুলনায় দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনায় ভোটার বেড়েছে ১ লাখ ৯৮ হাজার ৮৭৯ জন। এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে ভোটার রয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন। একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ১৮ লাখ ১ হাজার ২ জন। এ বছর জেলার ছয়টি আসনে ৭৯৩টি ভোট কেন্দ্র এবং ৪ হাজার ৭২০টি ভোট কক্ষ থাকবে।