খুলনার রূপসা নদীতে সারবোঝাই একটি কার্গো ডুবে গেছে। রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে টিএসপি বোঝাই কার্গোটি ডুবে যায়। আজ রোববার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ২ জন নিখোঁজ রয়েছেন। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে নৌপুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। 

প্রত্যক্ষদর্শীর বরাতে নুরুল জানান, রোববার ১১টার দিকে নদীতে মধ্য জোয়ার ছিল। চালনার দিক থেকে আসা কার্গোটি ধীরে ধীরে রেলসেতুর দিকে আসছিল। সেতুর পূর্বপাড় থেকে ২ নম্বর পিলারের সঙ্গে কার্গোর মাথা ধাক্কা লাগে। এরপর সেটি একটু ঘুরে গিয়ে নদীতে ডুবে যায়। সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। ওই সময় কার্গো থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া ১১ জনকে একটি নৌকায় তোলা হয়।

কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ জানান, এমভি থ্রি লাইট-১ নামের কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি নিয়ে নওয়াপাড়া দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেলসেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠেছেন। তবে কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ রয়েছেন।