বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলে মন্তব্য করেছিলেন। তারপর আবার মধ্যরাতে প্রেস নোট সংশোধন করে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি কী করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।’

প্রশিক্ষণ কর্মশালায় আরো যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির নেতারা।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতা।

বিকাল সাড়ে ৪ টায় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।