রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া তিন এসপি আব্দুল মান্নান, আবুল হাসনাত, আসাদুজ্জামানকেও ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের ডিবি হেফাজতে নেয়া হয় বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়।
সরকার বদলের প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণআন্দোলনে বল প্রয়োগের অভিযোগে পুলিশের আলোচিত অনেক সদস্যের বিরুদ্ধে সারা দেশে হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে এসব মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২৮ সদস্য গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে ডিআইজি মোল্যা নজরুলকে হেফাজতে নেয়ার তথ্য দিল পুলিশ।
গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মোল্যা নজরুল সবশেষ এপিবিএনে কর্মরত ছিলেন। সরকার বদলের পর পুলিশে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুতির সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত বছরের ৭ অক্টোবর মোল্যা নজরুলকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। এর আগে তিনি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।










