আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এই ভাষণ সম্প্রচার করা হবে।
এর আগে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছে এনসিপি।
বিটিভি সূত্রে জানা যায়, চারটি দলের চারজন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি।
৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ বিটিভিতে প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সূচি চূড়ান্ত করা হয়েছে।














