লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট হওয়া বিভিন্ন অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।  


শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় রায়পুর বাস টার্মিনাল এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। রায়পুর উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আনসার কর্মকর্তা নাজমুল হোসেন ও জেলার মনিটরিং অফিসার শওকত হোসেন।


গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা রায়পুর থানায় অগ্নিসংযোগ ও গুলিসহ অস্ত্র লুট করে নেয়। একই দিন রামগঞ্জ থানায়ও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় থানায় থাকা অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় তারা। পরে থানাগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। পুলিশ কর্মস্থলে না থাকায় থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এতে থানায় কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে, এখনো সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। 


জানা গেছে, রায়পুরে একটি শটগান, দুটি একনলা বন্দুক, একটি চায়নিজ রাইফেল, ৮১ রাউন্ড গুলি, একটি অগ্নিদগ্ধ মোটরসাইকেল ও দুটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। এছাড়াও আরেকটি উপজেলা রামগঞ্জে ফিরিয়ে দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি শটগান, একটি রাইফেল, একটি পিস্তল ও প্রায় ২০০ রাউন্ড গুলি।


রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হোসেন বলেন, লুট হওয়া একটি শটগান, একটি চায়নিজ রাইফেল, দুটি একনলা বন্দুক, দুটি ল্যাপটপ ও একটি পুড়ে যাওয়া মোটরসাইকেলসহ ৮১ রাউন্ড গুলি বাস টার্মিনাল এলাকা থেকে উদ্ধার হয়।


রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, শুক্রবার সকালে থানার পুকুর থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার একটি অস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়৷ পুলিশ এখনো থানায় দায়িত্ব নেয়নি। আনসার-ভিডিপি সদস্যরা থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। লুট হওয়া অস্ত্রগুলো ফিরিয়ে দিতে উপজেলাব্যাপী প্রচারণা চালানো হচ্ছে। কেউ কেউ নিজ দায়িত্বে অস্ত্র ফিরিয়ে দিচ্ছেন। এ পর্যন্ত দুটি শটগান, একটি রাইফেল, একটি পিস্তল, রাইফেলের দুটি মাথা ও প্রায় দুইশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, থানায় এখনো আমাদের (পুলিশ) সবাই এসে পৌঁছায়নি। কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। কয়টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আপাতত তাও বলতে পারছি না।