নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে আনাফ হোসেন ও হুমাইরা খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং হুমাইরা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমাইরা তার মায়ের সঙ্গে নানি বাড়িতে বেড়াতে যায়। নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।
তিনি জানান, আনাফ ও হুমাইরা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। এ সময় তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ দুজনকে দেখতে না পেয়ে হুমাইরার মা পিংকি বেগম মেয়ের খোঁজ করেন। কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।










