টাকা উদ্ধারের নামে বিভিন্ন দলের নেতাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আজ বুধবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। খবর বিবিসি বাংলা।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ১৮ বছর পর দেশের মানুষ ভোট দেয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। কিন্তু এ নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে।

এ সময় তথ্য সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেন দলটির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তথ্য সন্ত্রাস মেনে নেয়া হবে না। সেইসঙ্গে মূলধারার গণমাধ্যম বিএনপির প্রপাগান্ডা প্রচার করছে বলেও অভিযোগ করেন। এ সময় ভোটারদের নিরাপত্তা চান তিনি।