অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ অন্য কোনো দেশের হয়ে কাজ করছে না বলে জানিয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘যে উপদেষ্টা কাউন্সিল আছে, আমি অ্যাশিউর করতে পারি, এর মধ্যে কেউ অন্য কারো জন্য বিড করছে না। সবাই বাংলাদেশের জন্য বিড করছে। কেউ অন্য কোনো দেশের জন্য বিড করছে না। অন্তত আমার নিশ্চয়তা আমি দিতে পারি। অন্যদের বিষয়ে নিশ্চয়তা না, কিন্তু আমি যা দেখেছি মোটামুটি নিশ্চিত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিড করছে না।’
গতকাল বিদেশী কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। ১১ আগস্ট মতবিনিময় সভায় উপদেষ্টা বলেছিলেন যে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই, ছাত্রদের নিয়ন্ত্রণে নেই, দেশের নিয়ন্ত্রণে নেই। এ কথা দিয়ে কী বোঝাতে চেয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘সরকারের নিয়ন্ত্রণে সবকিছু নেই বলেছিলাম এই কারণে যে আমরা তো যে রকম নিরাপত্তা দিতে চাচ্ছি, পারছিলাম না। বাইরের কারো নিয়ন্ত্রণে থাকার কোনো প্রশ্ন ওঠে না।’
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশী কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। ব্রিফিংয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ ৬০ জনের বেশি কূটনীতিক উপস্থিত ছিলেন।










