দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের চাহিদা ও রেলের রাজস্ব আহরণের বিষয়টি বিবেচনায় নিয়ে ২৮ অক্টোবর এক চিঠিতে এ অনুমোদনের কথা জানায় রেলপথ মন্ত্রণালয়।

হিলি স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতির ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ এলাকার মানুষের যাতায়াত আরো সহজ হবে। পাশাপাশি হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের জন্য ট্রেন দুটির স্টপেজ অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে ব্যবসায়ীদের যাতায়াত সহজ হবে, বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য আরো গতিশীল হবে। বিশেষ করে ব্যবসায়িক প্রয়োজনে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে সময় ও ভোগান্তি দুটোই কমবে।’