সেন্ট মার্টিনে ফেব্রুয়ারি থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় সেন্ট মার্টিন বাজারে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে হোটেল-মোটেল ও কটেজ মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক), রেস্টুরেন্ট মালিক সমিতি, স্পিডবোট ও সার্ভিস ট্রলার মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের কয়েকশ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সরকারি নিষেধাজ্ঞার কারণে পর্যটকদের যাতায়াত সীমিত থাকায় দ্বীপবাসী চরম সংকটে পড়েছেন। ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে দ্বীপের ব্যবসায়ীরা আরো ক্ষতির মুখে পড়বেন। বর্ষা মৌসুমে এ সংকট আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।
বিক্ষোভকারীরা দাবি করেন, জীবিকা রক্ষায় অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যটক প্রবেশের অনুমতি দিতে হবে। দ্রুত জাহাজ চলাচল চালু রেখে পর্যটকদের জন্য কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দ্বীপবাসীর মানববন্ধনের বিষয়টি তিনি শুনেছেন। তাদের দাবি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। ২৮ জানুয়ারি রিটের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পরবর্তী শুনানির তারিখ ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের অনুমতি রয়েছে। এরপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।










