জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এনসিপি। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপি এ সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ সনদে স্বাক্ষর করার জন্য।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল (আজ) শপথ নেবেন। আমরা একই সঙ্গে দুটি শপথ নিতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করব। জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও সনদ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ তৎপর ছিলাম।’

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও এনসিপির মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন, জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।