চট্টগ্রামের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র‌্যালিতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া ভীড়ে পদদলিত হয়ে আরো ৬ জন আহত হয়েছেন।

মৃতরা হলেন- পটিয়ার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, প্রচন্ড গরমের কারণে আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, সাইফুল ইসলাম নামের আরেক কিশোর আহত হওয়ার পর হাসপাতালে আনা হলে প্রথমে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। এছাড়া ভিড়ের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন আরো ৬-৭জন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে আহতদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা। তারা জানান, ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন পদদলিত হন। আহত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।