প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার ওপর দিয়ে ঝড়-ঝাপ্টা বয়ে গেছে। একদিকে কভিডে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, অন্যদিকে নতুন কারিকুলাম চালু হলেও তা অভিভাবকরা গ্রহণ করেননি। সামগ্রিক অব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছে। তবে অন্তর্বর্তী সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করছে। আমরা আশা করি মানোন্নয়ন ঘটলে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে।’
গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় অনেক বিষয় শিক্ষণীয় রয়েছে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা টিমওয়ার্ক শিখছে, যুক্তি-চর্চা শিখছে, তাদের মাঝে সহনীয়তা তৈরি হচ্ছে। এর মধ্য দিয়ে নিজের চর্চা বাড়ে, কথা বলার আগ্রহ ও সাহস বাড়ে এবং বিতর্কের জন্য তথ্য জোগাড় করতে পড়াশোনায় আগ্রহ বাড়ে। সব দিক দিয়ে বিতর্ক প্রতিযোগিতা শিশুদের শিক্ষামুখী করতে সহায়তা করে।’
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা ও লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।










