স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সহযোগীর মেলবন্ধনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ মন্তব্য করেন।
জামায়াত ও চরমোনাইয়ের একত্রিত হওয়া প্রসঙ্গে দুদু বলেন, রাজনৈতিক মেরুকরণে ও গণতন্ত্রের প্রশ্নে সবাই নিজ নিজ অবস্থান থেকে আগামী নির্বাচন মোকাবেলা করতে চায়। তবে স্বাধীনতা বিরোধী হিসেবে সিলমারা একটি দল, যারা গত ১৬ বছর ধরে শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদের মেলবন্ধনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।
৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী ও জামায়াতকে যারা দেশপ্রেমিক বলেছিল, তাদের আচরণ আজও সেই পাকিস্তানি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে কিনা, তা আগে পরিষ্কার করা উচিত।
বিএনপি ভাইস চেয়ারম্যান জানান, বিএনপি সবসময় নির্বাচনে প্রস্তুত। তিনি বলেন, আমরা ২০১৪ সাল থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করছি। আমরা জনগণের ওপর নির্ভরশীল একটি রাজনৈতিক দল। আমরা আশাবাদী, যেকোনো সময় নির্বাচন হলে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি ভালো করবে।
সাংগঠনিক সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।










