অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনিদের খুঁজে খুঁজে দেশে এনেছে, আমরাও সেভাবে আন্দোলনের খুনিদের দেশে এনে বিচারের মুখোমুখি করব। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছে, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে ‘

শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

এ সময় তিনি আরো বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এর মধ্যে প্রায় অর্ধেক ছাত্রী, এটি খুবই ভালো দিক। ডকুমেন্টারিতে দেখলাম জুলাই আন্দোলনে মেয়েরা নেতৃত্ব দিয়েছে। আন্দোলনে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এই ইমেজ বিশ্বকে জানাতে হবে। ইমেজের সঙ্গে[ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িত। এ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস সংরক্ষণে কাজ করতে হবে। এখনো যেসব হলগুলোর নাম স্বৈরাচারের নামে রয়ে গেছে সেগুলো শহীদদের নামে পরিবর্তন করা দরকার।’

প্রেস সচিব বলেন, ‘দেশের ভাবমূর্তি প্রকাশ করার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে কমিশনের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। জুলাই আন্দোলনের ফসল কমিশনের রিপোর্ট। আপনারা এগুলো পড়ুন ও ক্যাম্পাসে এসব নিয়ে বিতর্ক করুন।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. হোসাইন আল মামুন।

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি এস এম রাশিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক, ইমামূল হাছান আদনান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান নবীন ও সাবেক সভাপতি ইমরান শুভ্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলীসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষক-শিক্ষাথী উপস্থিত ছিলেন।