সৌদি আরবে আজ রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামীকাল সোমবার হবে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম দিন। এ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ঈদের আগের দিন অর্থাৎ ২৬ মে পালিত হবে হজ।
দেশটির কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, রোববার সকালে আবুধাবির খাতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে দিনের আলোতেই ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের নতুন চাঁদটির ছবি তোলা সম্ভব হয়েছে।
কেন্দ্রটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বিবৃতি অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত সময় সকাল ৯টা ২০ মিনিটে ছবিটি তোলা হয়। এ সময় চাঁদটি সূর্য থেকে ৭ দশমিক ৮ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং এর বয়স ছিল আনুমানিক ৯ ঘণ্টা।










