বঙ্গোপসাগরের সাগরদ্বীপ থেকে উদ্ধার করা বাংলাদেশী জেলে আব্দুল মান্নানকে (২২) পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। তিনি কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা। আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, কয়েকদিন আগে মহেশখালী থানার ডালঘাট এলাকা থেকে একটি ফিশিং বোটে করে একদল জেলে সমুদ্রে মাছ ধরতে যান। গত ১৮ জানুয়ারি সকালে অসাবধানতাবশত বোটটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ওই সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘কমলা দেবী’ বোটটিকে ধাওয়া করলে জেলে আব্দুল মান্নান সমুদ্রে পড়ে যান। ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে।
উদ্ধার জেলেকে দেশে ফিরিয়ে আনতে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘পদ্মা’র সহযোগিতা নেয়া হয়। নৌবাহিনীর জাহাজটি মান্নানকে গ্রহণ করে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্টে নিয়ে আসে। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তাকে কোস্ট গার্ড বেস মোংলায় আনা হয়। পরে ওই জেলেকে পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়।










