মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউসুফ আলী (২০) নামের এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিংগাইর উপজেলার হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে। আহত দুজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলী মারা যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় সিংগাইর থানায় মামলা দায়ের করা হয়েছে।










