সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল দিবাগত মধ্যরাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘দেশের একজন নাগরিক হিসেবে এবং জাতীয় নাগরিক পার্টির একজন হিসেবে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই যেন ভোট দেয়। কেউ যদি ভয়ভীতির কারণে, হামলার কারণে বা ভোট কেন্দ্রে সমস্যা সৃষ্টি হতে পারে মনে করে ভোট দিতে না যান তাহলে আমরা ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে ফিরে যাব এবং দেশে কোনো পরিবর্তন আসবে না।’

এ সময় তিনি সবাইকে ভোট কেন্দ্র পাহারা দেয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এখন থেকে কেন্দ্র পাহারা দিন। তরুণদের প্রতি আহ্বান থাকবে তারা যেন ভোট কেন্দ্র পাহারা দেন। গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হলে আমাদের নেমে আসতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান থাকবে আজ প্রথম প্রহর থেকে যেন ভোট কেন্দ্র পাহারা দেয়া হয়।’

এর পরপর এনসিপির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আপনারা সকাল থেকেই দলে দলে ভোট কেন্দ্রে আসুন। এবার জবাব হবে ব্যালটে, ইনশা আল্লাহ।’

এছাড়া টাকা উদ্ধারের নামে বিভিন্ন দলের নেতাদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ চলছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘১৮ বছর পর দেশের মানুষ ভোট দেয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। কিন্তু এ নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ চলছে।’