জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে প্রত্যাবর্তন ঘটল কথাসাহিত্যিক আফসানা বেগমের। আজ তিনি দায়িত্বে যোগ দিয়েছেন বলে জাতীয় গ্রন্থকেন্দ্র সূত্রে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আফসানা বেগমকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়।
উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫ এর ধারা-১০(২) অনুযায়ী মিজ আফসানা বেগম-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে আফসানা বেগমকে দুই বছরের জন্য গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তার মেয়াদ শেষ হওয়ার আগেই গত জানুয়ারিতে দেয়া হয় অব্যাহতি।
ওই সময় আফসানা বেগমের স্থলে কবি–প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহ (সাখাওয়াত টিপু)-কে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। গত বৃহস্পতিবার অপর এক প্রজ্ঞাপনে সেই নিয়োগ বাতিল হয়েছে।










