বরিশাল জেলার বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এসময় সেনা সদস্য ও তার আড়াই বছর বয়সী ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে নয়টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জের দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হন ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা ও লেবুখালী ক্যান্টনমেন্টের কর্মরত ল্যান্স কর্পোরাল মো. বুলবুলের স্ত্রী হোসনে আরা (৩২)। এছাড়া ল্যান্স কর্পোরাল বুলবুল (৩৫) ও তার শিশু সন্তান আদিয়ান (৩০ মাস) আহত হয়েছেন।

আহত মো. বুলবুল ক্যান্টনমেন্টের ৪৪ বীর ইউনিটে ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত রয়েছেন।

চাকরির কারণে তিনি দুধলমৌ এলাকায় সপরিবারে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্য সপরিবারে মোটরসাইকেল যোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাচ্ছিলেন। এ সময় দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক স্থানে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন সেনা সদস্যের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সেনা সদস্যের স্ত্রী হোসনে আরা মারা যান। বুলবুল মাথায় আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা উদ্ধার করে তাকে ও তার ছেলে আদিয়ানকে আহত অবস্থায় ইজি বাইক যোগে সিএমএইচ নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাত বারোটায় ঢাকা সিএমএইচে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বাসটি লেবুখালী ক্যান্টনমেন্টের সেনাবাহিনী জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।