বিএনপির একাংশের নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার মোকামে চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেছে অপর অংশের নেতা-কর্মীরা।

কুষ্টিয়া জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পদবঞ্চিত দাবি করা নেতা-কর্মীরা এ অভিযোগ করেন। তারা বলেন, কেন্দ্র ঘোষিত ওই কমিটির নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার নাজাগরের মোকামে চালের দাম বেড়ে গেছে। তারা আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বিএনপির কেন্দ্র ঘোষিত কমিটির কর্মশালা চলছিল।

প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট শামীমুল হাসান অপু বলেন, দলের নিবেদিতপ্রাণ ও আওয়ামী দুঃশাসনের হামলা-মামলায় নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্র কমিটিকে ভুল বুঝিয়ে এ কমিটি আমদানি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

গত ৪ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে পদবঞ্চিত নেতা-কর্মীরা ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন।

দলীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা চলছিল। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এ কর্মসূচি চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে পদবঞ্চিত নেতা-কর্মীরা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে কয়েকশ নেতা-কর্মী যোগ দেন।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এজন্য কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান পুলিশ নিয়ে শিল্পকলা একাডেমির ফটকের সামনে অবস্থান নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কবির, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মেজবাউর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার প্রমুখ।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার বলেন, এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। তিনি বলেন, এই আহবায়ক কমিটি যেসব উপজেলা ও অন্যান্য কমিটি গঠন করছে তা সবই বিতর্কিত লোকদের নিয়ে। অর্থের বিনিময়ে কমিটি বিক্রয় করা হচ্ছে। তিনি বলেন, প্রয়োজনে কুষ্টিয়াবাসীকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া অচল করে দেয়া হবে।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বণিক বার্তাকে বলেন, এসব কথার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা) চালকল মালিকদের প্রমাণ দিতে বলেন ও প্রমাণসহ সংবাদ পরিবেশন করেন। যদি এ কমিটি চাঁদাবাজি করে থাকে তার দায় মাথা পেতে নেব।

গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়। ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদকে সভাপতি ও সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১২ সালে গঠিত কমিটিতে এ দুজন একই পদে ছিলেন।

২৫ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।