চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ হাবিল আলী (২৫) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। তিনি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপী গ্রামের মৃত বিলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে সীমান্তে গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, বিএসএফের গুলিতে হাবিল আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক রানা বলেন, গভীর রাতে সীমান্ত থেকে গুলির শব্দ শুনি। সকালে জানতে পারি, হাবিল নামের একজন বিএসএফের গুলিতে আহত হয়েছে। তবে এত রাতে তারা কেন সীমান্তে গিয়েছিল, তা জানা যায়নি।
৭ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেম জানান, রাতে সীমান্তে গুলির শব্দ শুনেছি। পরে জেনেছি, হাবিলসহ কয়েকজন যুবক সীমান্তে গিয়েছিল। তাদের লক্ষ্য করেই বিএসএফ গুলি ছোঁড়ে। এতে হাবিল আহত হয়।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম কিবরিয়া জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তেলকুপি বিওপির সীমান্ত পিলার ১৮০-সংলগ্ন এলাকায় ৭-৮ জন বাংলাদেশী ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল।
তিনি বলেন, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুলি চালায়। এ সময় আহত হন হাবিল। বিজিবি টহলদল ঘটনাস্থলে গেলে চোরাকারবারিরা বাংলাদেশের ভেতরে ফিরে আসে।
এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।










