ছয় দফা দাবি নিয়ে আজাদ ফিলিস্তিনের ব্যানারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় ৭০ ফুট দীর্ঘ ফিলিস্তিনের পতাকা ধরে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদেরকে।
‘ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসুচির আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, ‘উই ওয়ান্ট জাস্টিস’- ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, সরকার একটা বিবৃতি দিয়েছে ইসরাইলের বিপক্ষে কিন্তু সেখানে মার্কিন মদদের কোনো বিষয় উঠে আসেনি। এছাড়াও আমাদের পাসপোর্টে যে ‘এক্সেপ্ট ইসরায়েল’ ছিল সে কথাটিও পুনর্ব্যক্ত করার কোনো প্রতিফলন আমরা সরকারের বিবৃতিতে দেখতে পাইনি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে অব্যাহতভাবে চলতে থাকা গণহত্যার প্রতিবাদে ও ইসরায়েলের বিরুদ্ধে আমরা আজাদ ফিলিস্তিনের সংগঠকরা এ কর্মসূচি গ্রহণ করেছি।















