গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জমিতে ইপিজেড বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। গতকাল দুপুর ১২টা থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের চারমাথা এলাকায় মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখলে তিন-চার কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক ইপিজেড বাস্তবায়নের আশ্বাস ও বিষয়টি সরকারকে জানানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোল্লা, সংগঠক রফিকুল ইসলাম, মোকছেদ ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু রায়হান, আবদুর রাজ্জাক, আসলাম মিয়া, সাঁওতাল নেতা মেখায়েল বেসরা মাইকেল প্রমুখ। বক্তারা চিনিকলের জমিতে ইপিজেড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, মহিমাগঞ্জে রংপুর চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। নাম দেয়া হয় রংপুর ইপিজেড। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কর্তৃপক্ষকে ইপিজেট বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়। মোট জমির মধ্যে ৪৫০ একর বেপজাকে বুঝিয়ে দেয় চিনিকল কর্তৃপক্ষ। এখানে ইপিজেড হলে দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে।

এদিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটামোড় এলাকায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে সাঁওতালদের একাংশ। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা তাদের দাবিগুলো সরকারকে জানানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় সাঁওতালরা। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের আওতায় ১ হাজার ৮৪২ একর জমি রয়েছে। এ জমিতে উৎপাদিত আখ রংপুর চিনিকলে মাড়াই হতো। চিনিকলে আখ মাড়াই বন্ধ হলে সাঁওতালরা জমি দখল করে। ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশ এসব জমিতে থাকা স্থাপনা উচ্ছেদ করতে গেলে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয়।