খুলনার ডুমুরিয়া উপজেলায় ড্রাম ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত
হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে
খুলনা-চুকনগর সড়কের খর্নীয়া পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩),
শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৪০), গুটুদিয়া ইউনিয়নের
বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৮)। নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা-সাতক্ষীরা
মহাসড়কের আঙ্গারদোহা এলাকায় সাতক্ষীরা অভিমুখী ড্রাম ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী
ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুইজনের মৃত্যু
হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে
গেছে।










