সন্ত্রাসী হামলায় গুরুতর আহত খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার ভাইয়ের ছেলেও বারাকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সাধারণ সম্পাদক গাজী আলী বাকের প্রিন্স।

তিনি আরো জানান, গত ১২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউপি চেয়ারম্যান জাকির মোটরসাইকেলে উপজেলার আড়ুয়া থেকে বারাকপুর ফেরার পথে বোয়ালিয়ারচরে পৌঁছালে ৮/১০ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। এ সময় তারা জাকিরকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পার্শ্ববর্তী খালে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেয়া হয়।

হামলার ঘটনায় গাজী জাকির হোসেনের বড় ছেলে গাজী আরাফাত হোসেন কাঈফ বাদি হয়ে ১৪ জুন দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫/৬ জনকে আসামি করা হয়। দিঘলিয়া থানার ওসি আহসানুল্লাহ চৌধুরী জানান, এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।