গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিউটিরত অবস্থায় সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।
পুলিশ সুত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্য সাজু প্রধান গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন। রাতে ডিউটিরত অবস্থায় তিনি আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অ্যাম্বুলেন্স করে বগুড়া হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।
বুধবার (১৬ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আদালত চত্বরে দায়িত্ব পালনকালে রাত সাড়ে ১১টার দিকে কনস্টেবল সাজু প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
ওসি আরো জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাদের নির্দেশে সাজু প্রধানের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে এবং আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। সাজুর এমন মৃত্যুতে আমরা পুলিশ পরিবার শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সকালে এখানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে ।
সাজু প্রধান ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। সম্প্রতি তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মরত ছিলেন।










