খুলনার ডুমুরিয়ায় মুক্তিপণের দাবিতে নীরব মণ্ডল (১৩) নামে এক স্কুলছাত্রকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নীরব উপজেলার গুটুদিয়া পূর্বপাড়ার পান-সুপারি ব্যবসায়ী শেখর মণ্ডলের ছেলে এবং গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, উপজেলার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই স্কুলে পাঁচ ছাত্রকে আটক করা হয়েছে। তাদের বয়স ১২-১৫ বছরের মধ্যে। ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রল দেখে দ্রুত সময়ের মধ্যে টাকা আয়ের উদ্দেশ্যে অপহরণের পর মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিল ওই পাঁচ স্কুলছাত্র। সে অনুযায়ী ওই দিন স্কুল ছুটির পর নীরবকে আটকে রেখে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।