ইসরায়েলি বাহিনীর আগ্রাসণের ফলে, মারাত্মক দুর্ভিক্ষের মুখে পড়েছে গাজা। ইউনিসেফ জানিয়েছে, গাজায় প্রতি তিনজনের একজন কয়েক দিন ধরে অভুক্ত এবং চারদিকে খাবারের অভাব বিরাজ করছে। খবর আল জাজিরা।

গতকাল শুক্রবার (১ আগস্ট) ইউনিসেফ ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের ফলে গাজায় সৃষ্টি হওয়া দুর্ভিক্ষ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের কারণে গাজায় সামগ্রিক পরিস্থিতির ক্রমাগত অবনতির হচ্ছে।

ইউনিসেফের ত্রাণ কার্যক্রম ও সরবরাহ ব্যবস্থাপনার ডেপুটি নির্বাহী পরিচালক টেড চায়বান বলেছেন, গাজায় তিন লাখ ২০ হাজারেরও বেশি শিশু গুরুতর পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। পুষ্টিহীনতা সূচক এরই মধ্যে সব সীমা ছাড়িয়ে গেছে।

তিনি আরো বলেন, গাজায় প্রবলভাবে শিশুদের মৃত্যু ঘটছে। আমরা এখন একটি সংকটাকালীন পথে রয়েছি। আমাদের এখনকার সিদ্ধান্তই নির্ধারণ করবে, গাজার শিশুদের জীবন বাঁচবে নাকি তারা এভাবেই শেষ হয়ে যাবে।