দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি কমাতে হলে যারা দুর্নীতি দমনে কাজ করছেন, তাদের নিজেদের দুর্নীতিমুক্ত থাকতে হবে। একই সঙ্গে সেবাদাতাদের সদিচ্ছা ও দায়িত্ববোধ থাকলে দুর্নীতি অনেকটাই কমে আসবে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, আমাদের প্রধান আকাঙ্ক্ষা একটি ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠন। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা। যদি আমাদের সদিচ্ছা থাকে তাহলে দুর্নীতি অনেকটাই কমে আসবে।

তিনি আরো বলেন, দুর্নীতির এই চলমান সংকট কিন্তু সেবা গ্রহীতাকে নিয়ে নয়, সেবাদাতাকে নিয়ে। সেবাগ্রহীতার প্রত্যাশা থাকতেই পারে ভালো সেবা পাওয়ার। কিন্তু যারা সেবাদাতা তারা এক অর্থে আমলা। এখন সেই আমলারা যদি অপব্যবহার না করেন, ক্ষমতাটাকে দায়িত্ব মনে করেন, তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। আর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই দুর্নীতি কমে আসবে।

গণশুনানিতে দুদক চেয়ারম্যান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিভিন্ন অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল হোসেন ও কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান।

গণশুনানি পরিচালনা ও সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।