ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের আস্থাই ছিল আমার বিজয়ের মূল শক্তি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এ নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার সঙ্গে জনগণ ছিল, তাদের আস্থা ছিল। তাই আমি বিজয়ী হয়েছি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। শত্রুর সঙ্গেও যেন কোনো বেইনসাফি না হয়, সে ধরনের সিস্টেম তৈরির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে কাজ করব।

ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তিই এনসিপির মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, আমার রাজনৈতিক দল এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো।