প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে।
আজ রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে আজ তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত। এ বিষয়ে প্রেস সচিব জানান, এ সফরে চীনের ব্যবসায়ীরা যেন এ দেশে তাদের কোম্পানির বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই প্রচেষ্টা থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। ওইদিন বিকালে তিনি চীনের উদ্দেশে যাত্রা করবেন।
২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী প্লেনারিতে অংশ নেবেন ও বক্তৃতা করবেন। বিকালে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
পরদিন ২৮ মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৯ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর রাতে তিনি দেশে ফিরবেন।















