চাঁদপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশপন্থিদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশবিরোধী কিংবা আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না।
শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার খুন, গুম, ধর্ষণসহ সকল অপরাধের বিচার নিশ্চিত করা। একই সঙ্গে দেশের বিচারহীন সংস্কৃতি দূর করে বাংলাদেশপন্থি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া।
তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণকে বৈষম্যহীন, ইনসাফপূর্ণ শাসনব্যবস্থা উপহার দেয়া হবে। বিএনপি-জামায়াত নির্বিশেষে সকল বাংলাদেশপন্থি রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, শ্রমিক, নারী, আলেম-ওলামারা নির্বাচনের মাধ্যমে দেশের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবেন।
শুভেচ্ছা বিনিময়কালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, নাগরিক কমিটির নেতারাসহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।










