দুদকের করা মামলায় খুলনার বটিয়াঘাটা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মনিরুজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই পুলিশ কর্মকর্তার নাম শেখ আবু বকর সিদ্দিক। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চুলকাঠি এলাকায়। তার স্ত্রীর নাম সুলতানা রাজিয়া। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক থেকে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছিল। ওই মামলায় তারা জামিনের আবেদন করেছিলেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আবু বকর ও তার স্ত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. আল-আমিন।

২০২১ সালের ৯ নভেম্বর মামলা দুটি করা হয়েছিল। এর মধ্যে আয়বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একটি মামলা করা হয়। আর অন্য মামলাটি করা হয়েছিল ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়াকে হস্তান্তর করার অভিযোগে।

আইনজীবী মজিবর রহমান বলেন, মামলায় প্রাথমিকভাবে প্রায় ৩৪ লাখ টাকার দুর্নীতি ধরা পড়লেও তদন্তে স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ আবু বকর সিদ্দিকের আরো প্রায় ৫১ কোটি টাকার অবৈধ সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এসব পরবর্তীকালে মামলার এজাহারে সম্পৃক্ত হবে।