নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলস্টেশন থেকে কিছুটা দূরে নিশিপাড়া এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওই রুটে পাঁচ ঘণ্টা ধীরগতিতে চলেছে ট্রেন। ঘটনাটি নাশকতা কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের কাছে বাঙাল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের লোকজন এসে মেরামত করলে দুপুর ১২টার দিকে আবার স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল শুরু হয়।
নলডাঙ্গা থানা ও সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, বাসুদেবপুর রেলস্টেশনসংলগ্ন একটি রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসে। পরে নলডাঙ্গা থানা ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনাস্থলে যান। এ সময় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে যান। সেখানে তারা দেখতে পান রেললাইনের সংযোগস্থলে উভয় পাশ থেকে দুই ইঞ্চি লোহা ভেঙে গেছে। এতে রেললাইনে কিছুটা গর্তের সৃষ্টি হয়েছে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি। ঘটনাটি জানার পর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সেখান দিয়ে ধীরগতিতে পার করা করেছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাটি আপাতত নাশকতা বলে মনে হচ্ছে না। রেলওয়ের কারিগরি লোকজন আসছে। তারা খতিয়ে বিষয়টি দেখবে। রেলগাড়ির চাপে অনেক সময় লাইনের সংযোগস্থল ফেটে ভেঙে যেতে পারে। এটাও হয়তো তা-ই হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা পাওয়া গেছে। এটা নাশকতা নাও হতে পারে। যান্ত্রিক ত্রুটির কারণেও লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে।
এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৬টার দিকে একটি মালবাহী ট্রেন বাসুদেবপুর স্টেশন অতিক্রম করে নাটোরের দিকে যাওয়ার সময় বিকট শব্দ হয়। ট্রেনটি নির্বিঘ্নে ওই স্থান পার হয়ে গেলেও পরবর্তী সময়ে এলাকাবাসী গিয়ে ওই অংশে রেলের জয়েন্টে কিছু অংশ ভাঙা দেখতে পান। পরে তারা রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনকে খবর দেন।










