ব্যাংকঋণের ১২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল দুপুরে হাবিবুর খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, পাট কেনার জন্য সোনালী ব্যাংক থেকে ২০১০ সাল থেকে সিসি প্লেজ ও সিসি হাইপো খাতে দফায় দফায় ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নেয় মেসার্স সোনালী জুট মিল। কিন্তু এর বিপরীতে মালপত্র না কিনে ওই টাকা আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।

বর্তমানে সুদাসলে ওই টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকা।

এ ঘটনায় দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে ২০১৭ সালে খানজাহান আলী থানায় মামলা করেন।

মামলার অন্যতম আসামি হলেন মেসার্স সোনালী জুট মিল লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।