খুলনায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় শ্রীধর বিশ্বাস (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর ময়লাপোতাসংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। শ্রীধরের বাড়ি খুলনার তেরখাদার সাচিয়াদহ বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার ডান পাশ থেকে সিটি মেডিকেলের দিকে রাস্তা পার হচ্ছিলেন শ্রীধর। তখন রাস্তা অনেকটা ফাঁকা ছিল। হঠাৎ সিটি করপোরেশনের বর্জ্যবাহী একটি ডাম ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার পর নগরীর সাতরাস্তা মোড় থেকে ট্রাকটি আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










