নওগাঁর মান্দায় ৬০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার ভারশোঁ বাজারের পাশ থেকে সারগুলো জব্দ করা হয়। এর আগে স্থানীয়রা সারগুলো তিনটি ভটভটিতে করে পরিবহনের সময় আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ও উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন। উপজেলার দেলুয়াবাড়ি বাজারে ডিলারের কাছ থেকে ২০ বস্তা টিএসপি ও ৪০ বস্তা এমওপি সার কিনে পলিথিন দিয়ে ঢেকে তিনটি ভটভটিতে করে চৌবাড়িয়া হাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।