সম্পদের বিবরণী দাখিল না করায় দায়েরকৃত দুদকের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। খবর বাসস।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় বিশেষ জজ এস এম জিয়াউর রহমান তাকে মামলার দায় থেকে খালাস প্রদান করেন।

মামলার রায়ে বিচারক বলেন, প্রসিকিউশন জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। সেজন্য এ মামলা থেকে তাকে খালাস দেয়া হলো।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য থাকাকালীন সময়ে ১৯৯৯ সালের ৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দুদকের পক্ষ থেকে তার পরিবারসহ সবার সম্পদ বিবরণী দেয়ার নোটিশ দেয়া হয়।

বিবরণ দাখিল না করায় ২০০০ সালের ১৯ জানুয়ারী দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আমিনুল ইসলাম তার নামে একটি মামলা করেন।

২০০১ সালের ১৭ জুন ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ইমদাদুল হক।

২০০৬ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলা চলাকালে আদালতে তিনজন সাক্ষ্য দেন।