দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি, দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলা বিএনপি'র উপদেষ্টা, এবং হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডল ছিলেন তৃণমূল রাজনীতির এক নিবেদিতপ্রাণ ও আদর্শবান ব্যক্তিত্ব। হাকিমপুরের মাটি ও মানুষের অধিকার আদায়, স্থানীয় উন্নয়ন এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়। আমৃত্যু তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার সততা, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরো বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের প্রয়াণে দেশ এক অভিজ্ঞ, সৎ ও জনকল্যাণকামী রাজনীতিবিদকে হারালো। তার এ প্রস্থান রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি এবং গভীর শূন্যতার সৃষ্টি করেছে।
মন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।










