জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে ইতিহাস পরিবহনের ১২টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে আজ সোমবার দুপুরে বাসগুলো আটক করেন তারা।
ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, গতকাল রোববার ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার পথে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পরিবারের সদস্যদের পরামর্শে তিনি আবার ক্যাম্পাসে ফিরে আসেন। পরে ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়ার পরিবর্তে বাসকর্মী তার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন।
ওই ছাত্রী জানান, পরে নির্ধারিত স্থানে বাস না থামিয়ে তাকে চলন্ত বাস থেকে নামতে বলা হয়। বাস থামিয়ে নামার কথা জানালে বাসকর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় চিৎকার করলে বাসটি থামানো হয়। বাস থেকে নামার পরও তাকে ও তার সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শায়লা শারমিন সেতু বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়। বাসসংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার সতর্ক করার পরও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়া হবে।










