ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শীর্ষ তিন পেসার প্যাট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ককে রাখেনি অস্ট্রেলিয়া। পার্থে আগামী ১৩ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।
অভিজ্ঞ তিন ফাস্ট বোলার সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে সবগুলোই ম্যাচেই খেলেছেন। সিরিজটা ২-১-এ জিতে নেয় প্রোটিয়ারা।
ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না এ তিন পেস বোলারকে। কামিন্স ও হ্যাজেলউডকে রাখা হয়নি, আর ৩৬ বছর বয়সী স্টার্ক তো এই ফরম্যাটকে এরই মধ্যে বিদায় জানিয়েছেন। ৩৩ বছর বয়সী কামিন্স না থাকায় আরেকবার ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ, যিনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
২১ বছর বয়সী ফাস্ট বোলার মাহলি বিয়ার্ডম্যান ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলেই জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হওয়ার অপেক্ষা। টি-টোয়েন্টিতে প্রথমবারে মতো ডাক পেয়েছেন স্যাম হার্পার ও লাচলান শ।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলা অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জস ইংলিস ও ম্যাট রেনশ ওয়ানডে সিরিজে জায়গা পেলেও টি-টোয়েন্টিতে তাদের রাখা হয়নি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, জ্যাক এডওয়ার্ডস, স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।
শুধু ওয়ানডে স্কোয়াডে: অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জস ইংলিস, ওলি পিক, ম্যাট রেনশ ও লিয়াম স্কট।
শুধু টি-টোয়েন্টি স্কোয়াডে: নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্যাম হার্পার, মিচেল ওয়েন ও লাচলান শ।










