টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দাদের নিজেদের অর্থায়নে খেলার মাঠ ক্রয়ের প্রশংসনীয় উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাঠের পাশের আরো জমি কিনে গ্রামবাসীকে উপহার দেয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ১ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘বাবুপুরবাসীর এই অনন্য উদ্যোগের ভিডিও ফুটেজটি গতকালই (শনিবার) প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের ডিসি ও দেলদুয়ারের ইউএনওর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছাকে বাস্তবায়ন করতেই মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে, যাতে ওই গ্রামবাসীর পাশে থেকে একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ উপহার দেয়া যায়।’

জানা যায়, প্রায় সাড়ে তিন হাজার মানুষের জনবহুল বাবুপুর গ্রামে এতদিন শিশু-কিশোরদের খেলাধুলার কোনো স্থায়ী মাঠ ছিল না। গ্রামের তরুণ ও উদ্যোক্তাদের উদ্যোগে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত চাঁদায় ৬০ শতাংশ জমি কিনে সম্প্রতি মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পর তা সরকারের নীতিনির্ধারক মহলের দৃষ্টি কাড়ে। সংবাদ সম্মেলনে এডিসি জেনারেলের পেশ করা প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার সামগ্রিক বাজেট ও সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে দ্রুত কাজ শুরুর ঘোষণা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর এই অনুপ্রেরণা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সারা দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়বে এবং বাবুপুরের মতো জনসম্পৃক্ততার মাধ্যমে খেলাধুলার সুস্থ পরিবেশ গড়ে উঠবে বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।