সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে বলে সতর্ক করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। উপযুক্ত প্রমাণ না থাকলেও অতীতে অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকলে তাদের আইনগতভাবে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে অভিভাবকদেরও দায়ী করা হবে।
গতকাল কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘এই সময়টা নষ্ট হয়ে যাওয়ার সময়। এই সময়ে, এই বয়সে কিশোররা যেন নষ্ট হয়ে না যায়, তারা যেন মাদকের অন্ধকার চোরাবালিতে হারিয়ে না যায়, তারা যেন ইভটিজার হয়ে সমাজে বেড়ে না ওঠে, সে জন্য আমাদের প্রতিরোধমূলক অ্যাকশন হবে।’
তিনি বলেন, ‘সন্ধ্যার পরে স্কুলপড়ুয়া, কলেজপড়ুয়া কোনো ছেলেপেলেকে যদি পাওয়া যায়, তাকে ধরা হবে। তাকে গ্রেফতার করা হবে।’
ডিআইজি আরো বলেন, ‘উপযুক্ত প্রমাণ যদি না থাকে, যদি তার প্রিভিয়াস (ক্রিমিনাল) হিস্ট্রি থাকে, তাকে আইনগতভাবে সোপর্দ করা হবে এবং অভিভাবকদের দায়ী করা হবে; কেন আপনার ছেলে সন্ধ্যার পরে রাস্তায় আড্ডা দিতে যাচ্ছে?’
ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
অপরাধ দমনে পুলিশের উদ্যোগ তুলে ধরে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে এর আগে যুদ্ধ ঘোষণা করেছি। সে যুদ্ধ চলমান আছে।’










