মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশীসহ ১৮১ বিদেশী নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক হওয়া বাংলাদেশীদের কোনো নাম পরিচয় প্রকাশ করেনি দেশটির সরকার। গতকাল শনিবার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য সান মালয়েশিয়া।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে জালান রাজা বোত এলাকায় অভিযান শুরু হয়। এ সময় ৫১২ জন বিদেশী নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৮১ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ১৪৭ জন ইন্দোনেশিয়ার, ২০ জন বাংলাদেশের, পাঁচজন নেপালের, তিনজন ভারতের, একজন পাকিস্তানের এবং পাঁচজন অন্যান্য দেশের নাগরিক। তাদের বয়স ১০ থেকে ৫৫ বছরের মধ্যে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতো লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
তিনি জানান, রাজা বোত মার্কেট মালয়েশিয়ার ২২৪টি ঝুঁকিপূর্ণ এলাকার একটি। চলতি বছর ওই এলাকায় এটি দ্বিতীয় অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় নির্ধারণ করা হয়।
অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা বন্ধ না হলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে লোকমান এফেন্দি বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দেয়া নিয়োগকর্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।










