পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডিত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শওকত আজিজ রাসেল। তার পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান শুনানি করেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খন্দকার শামীম হোসেন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি শওকত আজিজ রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন চান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত এ মামলায় এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল এবং রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে পৃথক দুই ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক এবং সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার।