আসন্ন শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্য সচল রাখা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লোকসান কমাতে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ আবেদন জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও দোকান সন্ধ্যা ৬টা, ৭টা কিংবা রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হচ্ছে। এতে দীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। এমনকি ঢাকার দুটি বড় বিপণিবিতান ক্রেতা না থাকায় বন্ধ হয়ে গেছে। আরো অনেক বিপণিবিতান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়ছেন।
দোকান মালিক সমিতির আবেদনে বলা হয়, বর্তমানে বিদ্যুৎ–সংকট কমে এসেছে এবং শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময় ব্যবসা-বাণিজ্য কিছুটা ভালো হয়। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা বিবেচনা করে রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখা প্রয়োজন।










