সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’। গত ৩০ ও ৩১ অক্টোবর আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশ নেন। গবেষণার ফলাফল বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরা এবং প্রকৌশল খাতে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

গত শুক্রবার (৩০ অক্টোবর) আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয় এসইইউর মাল্টিপারপাস হলে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, টিপিসি চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের প্যাট্রন ও এসইইউর উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের জেনারেল চেয়ার ও এসইইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।

সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৬০০টির বেশি গবেষণাপত্র জমা পড়ে। যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের গবেষক ও লেখকরা এতে অংশ নেন। কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে জমা পড়া গবেষণাপত্রের মাত্র ২৫ শতাংশ গ্রহণের জন্য নির্বাচিত হয়।

সম্মেলনে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা মূল প্রবন্ধ ও আমন্ত্রিত বক্তব্য উপস্থাপন করেন। বক্তাদের মধ্যে ছিলেন সুইডেনের সিনিয়র ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট ও সিআইএসও মার্গারেথা এরিকসন, সুইডেনের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির আইইইই ফেলো ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর অধ্যাপক লিনা বার্টলিং জার্নবার্গ, ভারতের কেরালা ইউনিভার্সিটির জ্যোতি রামাস্বামী, যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের পদমজা পুলিভার্তি, রাইথের অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার (লিথোগ্রাফি) ড. রাইসা ফাবিহা এবং ভারতের কলকাতার টিসিএস রিসার্চের সিনিয়র সায়েন্টিস্ট ড. মঞ্জিরা সিনহা।

৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের পর্দা নামে। এতে গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি বেস্ট পেপার অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি টেকনিক্যাল সেশনের সেরা উপস্থাপকদের বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।